মিসবাহ আহমেদ,কক্সবাজার :

কক্সবাজার শহরের কলাতলীস্থ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি এলপিজি (LPG) গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস পাম্প থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের দোকানপাট ও বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের এক কিলোমিটার এলাকায় ‘রেড এলার্ট’ জারি করেছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
Bangladesh Fire Service and Civil Defence-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এলপিজি গ্যাসের উপস্থিতির কারণে আগুন নেভাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। জরুরি বিভাগের ইনচার্জ সালাহউদ্দিন জানান, যেকোনো সংকটকালীন মুহুর্তে আমরা সেবা দিতে প্রস্তুত। আমাদের অতিরিক্ত স্বাস্থ্যকর্মী, নার্স ও চিকিৎসক বাসা থেকে এসে আমাদের সাপোর্ট দিয়েছেন।
এই ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত বার্ণ রোগীদের চিকিৎসা দিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার সদর হাসপাতাল-এর একঝাঁক চিকিৎসক ও নার্স।
ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ডিউটিতে না থাকা সত্ত্বেও হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত ছুটে আসেন বহু চিকিৎসক ও নার্স। তারা স্বতঃস্ফূর্তভাবে আহত রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তাদের এই তাৎক্ষণিক উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টার ফলে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
চিকিৎসক ও নার্সদের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে যে, মানবসেবা তাদের পেশার সীমাবদ্ধতার বাইরে গিয়েও এক মহান দায়িত্ব ও অঙ্গীকার। তাদের এই দায়িত্বশীলতা ও মানবিকতা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই ঘটনায় সাহসিকতা, পেশাগত দায়িত্ববোধ ও মানবিকতার জন্য সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও নার্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান জানানো হচ্ছে।স্থানীয় সংবাদকর্মী, স্বেচ্ছাসেবক সবাই তাদেরকে ধন্যবাদ জানান।